Update News

বিশ্বনেতারা রাজকীয় অভিষেকে যোগ দিতে লন্ডনে

Bangladesh

May 06, 2023

983

Missing image!

অনলাইন ডেস্কঃ যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠিত হবে আজ। ৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস ৪০তম রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট মাথায় পরবেন। ব্রিটিশ রাজপরিবারের জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে যোগ দিতে গতকালই সেখানে হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা। সপ্তাহব্যাপী চলবে অনুষ্ঠান। ব্রিটেনের ইতিহাসে ৭০ বছরের মধ্যে এ অভিষেক অনুষ্ঠানকে সবচেয়ে বড় আয়োজন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে।

 

এতে দুই হাজারের বেশি অতিথি উপস্থিত থাকছেন। যদিও ১৯৫৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন আট হাজার। খবর রয়টার্স। ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুবরাজ থাকা তৃতীয় চার্লস রাজা হয়েছেন। ব্রিটিশ সাম্রাজ্যের এক হাজার বছরের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে সিংহাসনে বসতে যাচ্ছেন। গতকাল অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাষ্ট্রনেতা। এর মধ্যে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং প্রমুখ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তিসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্য রাজপরিবারগুলোর মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিসিয়া, যুবরাজ ফ্রেদেরিক এবং ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস মেরিসহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যদেরও অভিষেকের আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। লন্ডনের পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজের বৈঠক কক্ষে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত বছরের ২৫ অক্টোবর ঋষি সুনাক দায়িত্ব নেয়ার পর গতকাল প্রথম দুই নেতার বৈঠক হলো। এরপর সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে রাজ্যাভিষেকের আগে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর তিনিসহ অন্য অতিথিরা শনিবারের মূল আয়োজনে যোগ দেবেন।

 

রাজপরিবারের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে টুইটারে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন লিখেছিলেন, ‘এটা অত্যন্ত সম্মানের বিষয় যে এমন একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারব। এতে দুই দেশের সম্পর্ক আরো চমৎকার হবে।’ দেশটির পক্ষ থেকে অভিষেক অনুষ্ঠানে গতকাল যোগ দিয়েছেন তিনি। লন্ডনে তিনি ব্রিটিশ ফার্স্ট লেডি অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে আয়োজন ঘুরে দেখেন। রাজকীয় আয়োজনে শুরুতে রাজা তৃতীয় চার্লস সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত ১৪ দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিশ্বের ৫৬টি দেশের বিভিন্ন দাতব্য সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি অতিথিদের নিয়ে নতুন রাজার রাজকীয় মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের আয়োজন পরিচালনা করবেন আর্চবিশপ অব ক্যান্টারবারি।

 

অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হবে এবং রাজকীয় প্রতীক হিসেবে তিনি রাজদণ্ড ও রাজগোলক গ্রহণ করবেন। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজা তৃতীয় চার্লসের মাথায় সেন্ট এডওয়ার্ড মুকুট পরিয়ে দেবেন আর্চবিশপ। স্বর্ণের এ মুকুটটি ১৬৬১ সালে তৈরি করা। রাজকীয় অনুষ্ঠানের জন্য টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার অন্যতম এ এডওয়ার্ড মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানী এ মুকুট পরে থাকেন। গত বছর সেপ্টেম্বরে রাজা চার্লসের মা রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যান। এলিজাবেথ দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটিশ সিংহাসনে ছিলেন।

Recent News

সব খবর